ঢাকায় ফিরে নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস
আপলোড সময় :
২৯-০৮-২০২৬ ১২:৩০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৮-২০২৬ ১২:৩০:৫৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সময় বড় ধরনের ঝুঁকির মুখে পড়লেও অল্পের জন্য বিপদ এড়িয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে থাকা অপু বিশ্বাসসহ পুরো টিম নিরাপদে বাংলাদেশে ফিরেছেন। গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেপালে কাটানো আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।
অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। আশ্চর্যের বিষয় হলো, পরদিন ২৭ আগস্ট ওই একই সড়ক দিয়ে তাদের কাঠমান্ডুতে ফেরার পরিকল্পনা ছিল।
তিনি বলেন, মাত্র এক দিনের ব্যবধানে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে তাদের শুটিং ইউনিট। যে সড়কটি দিয়ে তাদের ফেরার কথা ছিল, দুর্যোগের পর সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিস্থিতির এমন অবনতির মধ্যে নেপালে শুটিং চালিয়ে যাওয়াকে ঠিক মনে করেননি অপু। বিশেষ করে স্থানীয় মানুষ যখন ভয়াবহ দুর্যোগে দুর্ভোগ পোহাচ্ছেন, তখন সেখানে গানের দৃশ্য ধারণ করা সংবেদনশীলতার দিক থেকে অস্বস্তিকর হতে পারে বলে মনে করেন তিনি। এ কারণে পুরো শুটিং টিমের সঙ্গে আলোচনা করে কাজ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নিরাপদে দেশে ফিরে আসেন অপু বিশ্বাস ও তার সহকর্মীরা।
‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য কয়েক দিন ধরে নেপালে অবস্থান করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।
নেপালে বন্যা ও ভূমিধসে হতাহত এবং নিখোঁজের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অপু ও তার সহশিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তারা নিরাপদে ছিলেন। এবার ঢাকায় ফিরে অপু বিশ্বাসও নেপালের ভয়াবহ পরিস্থিতি এবং সেখান থেকে নিরাপদে ফিরে আসার অভিজ্ঞতা জানালেন।
‘এমন দুর্যোগে যে জাতি পড়েনি, তারা বুঝবে না- গজব কাকে বলে’
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স