যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ০৭:৫৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০৭:৫৮:৩৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: আমাদেরকে দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। যারা বিভ্রান্তি তৈরি করতে চায়, তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারীরা নিজেদের মতো করে চলে যাবে। তারা জনগণের সঙ্গে থাকবে না।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ।
তারেক রহমান বলেন, আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে বাংলাদেশের সম্পদ। এদেশের সম্পদ। এ বিশাল সমুদ্রের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। সেজন্যই এ সমুদ্রকে কীভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কীভাবে আমরা বিভিন্ন মিল-ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে এদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, এদেশের মানুষের ব্যবসা-বাণিজ্যের ব্যবস্থা করতে পারব, সেই পরিকল্পনা কীভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজ আমি মাতারবাড়ি গিয়েছিলাম।
প্রধানমন্ত্রী বলেন, চীনকে আমরা একটি বড় জায়গা দিয়েছি। চায়না থেকে আমি ঘুরে আসলাম। তাদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে তারা কয়েকশ মিল-কারখানা তৈরি করবে। এই মিল-কারখারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাআল্লাহ কাজ করার সুযোগ পাবে। এর ফলে আমাদের যেমন একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সঙ্গে আমরা ইনশাআল্লাহ বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব। বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমরা এদেশের অর্থনীতি শক্তিশালী করব। বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা এদেশের মানুষের, এদেশের সন্তানদের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলব। সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা এদেশের মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলব।
তারেক রহমান বলেন, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জানতে পেরেছেন, উপজেলা পর্যায়ে ৫০ শয্যার যেসব হাসপাতাল আছে, সেগুলোতে ৩০ বেড করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছিলেন বাকি ২০ বেড যোগ করেছিলেন। আজ আপনাদের এই বর্তমান বিএনপি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ৫০ বেডের হাসপাতালকে ১০১ বেডে উন্নীত করব ইনশাআল্লাহ। যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়।
প্রধানমন্ত্রী বলেন, প্রিয় ভাই-বোনেরা এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এদেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, বিদেশি ও দেশি বিনিয়োগকারী যারা আছে, তাদেরকে উৎসাহিত করে যদি মিল-ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি-শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। বিগত সময়ে যখন আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি—আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গণ্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ হয়ে যায়, কারণ এই ছোট দোকানদার বা ব্যবসায়ী যে-ই হোক, ব্যবসা বন্ধ করে দেয়, যাতে ওই গণ্ডগোলে তার ব্যবসার ক্ষতি না হয়। ঠিক একইভাবে দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা যখন বিনিয়োগ করবে তারা চাইবে যাতে তারা মিল-কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না!
সরকারপ্রধান বলেন, যদি মিল-কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব? সম্ভব না। সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদেরকে যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল-কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয় ছাত্র-ছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এসব ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা বিভ্রান্তি তৈরি করতে চায়, তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজেদের মতো করে চলে যাবে। তারা তো জনগণের সঙ্গে থাকবে না। সেজন্য প্রিয় ভাই-বোনেরা আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব? নাকি আমরা ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত থাকব? নাকি আমরা বিভ্রান্তকারীদের সঙ্গে থাকব? এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স