ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সিরিজ শুরু এইচপির

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৭:৫৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৭:৫৩:৩৯ অপরাহ্ন
মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সিরিজ শুরু এইচপির ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  মালয়েশিয়াকে ৮৯ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এদিন টাইগারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি সফরকারীরা। 
আজ শনিবার (৮ আগস্ট) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিয়েছিল এইচপি। জবাব দিতে নেমে   মাত্র ৬৯ রানেই অলআউট হয় সফরকারীরা। এতে ৮৯ রানের বড় পায় স্বাগতিকরা।
এদিন আগে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটিংয়ে ভালো শুরু পায় এইচপি। তবে জিসান আলম সুবিধা করতে পারেননি। ৭ বলেও রানের খাতা খুলতে পারেননি। ১৮ বলে ২৮ রানের ইনিংস খেলে জাওয়াদ সাজঘরে ফিরে যান। মাঝে আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। 
জাওয়াদের বিদায়ের পর সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও, ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। অন্যদিকে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সাব্বির রহমান। এরপর ক্রিজে জুটি বাঁধেন আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন। 
২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন সাকলাইন। এরপর ৩ বলে ১ রান করে বিদায় নেন আবু হায়দার রনি। শেষের আগের ওভারে মেহেরব ২২ বলে ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ এইচপি। 
জবাব দিতে নামা মালয়েশিয়াকে প্রথম বলেই ধাক্কা দেন এইচপির আবু হায়দার রনি। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন নাজমুস সাকিব। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে মালয়েশিয়া। সাকিবের পর আরেক ওপেনার আসলাম খান বিন মালিক ফিরেছেন ৫ বলে ডাক মেরে। 
তিনে নামা আহমেদ আকীল ওয়াহিদ খেলেন ২৫ বলে ২৯ রানের ইনিংস। ১০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৪২ রান তোলে মালয়েশিয়া। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আমির আজিম এবং বিজয় উনি। ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফিরিয়েছেন আবদুল গাফফার সাকলাইন। 
২২ বলে ১৫ রান করা আজিমকে বিদায় করেছেন মোহাম্মদ রুবেল হাসান। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৬৯ রান তুলে অলআউট হয়েছে মালয়েশিয়া। ৮৯ রানে জিতেছে এইচপি দল। 
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান এবং মোহাম্মদ রুবেল। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ