ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন
আপলোড সময় :
০১-০৮-২০২৬ ০৪:৪৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৮-২০২৬ ০৪:৪৩:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। এর মাঝে বড় সুখবর পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ শুরুর আগমুহূর্তে ইনজুরি কাঁটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস।
আজ রোববার (১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে উঠায় শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।
চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স