নির্দোষ হয়েও আমি অপরাধী : আইভী
আপলোড সময় :
২৮-০৭-২০২৬ ০৪:১৯:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৬ ০৪:১৯:১৬ অপরাহ্ন
ফাইল ছবি
মাহবুবুল আলম, কোর্ট প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। গতবছর তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছিল।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন। বিষয়টি নিশ্চিন্ত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
হাজিরা শেষে ফেরার পথে সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করেছি। হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আর আজকে আমিই অপরাধী! যাই হোক, এইটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।”
সংক্ষিপ্ত এ মন্তব্যের পর তিনি গাড়িতে উঠে দেওভোগের বাড়ির পথে রওনা হন। এদিন, তার আগমনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও তিনি আদালতের কার্যবিধি অনুযায়ী হাজিরা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে হত্যা মামলায় আইভীকে তার নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়। পরে একে একে ১২টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্তি পান।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স