ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি ত্রুটির কারণে সমস্যা, অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:২৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:২৭:৫৯ অপরাহ্ন
কারিগরি ত্রুটির কারণে সমস্যা, অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই গ্যাসের ওপর ভিত্তি করেই বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা সচল থাকে এবং বাসাবাড়িতে রান্নার কাজ চলে। বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাময়িক এই সংকট তৈরি হয়েছে। এটি মেরামতের জন্য একটি বেসরকারি কোম্পানি ও পেট্রোবাংলা একযোগে কাজ করছে এবং সরকারের জ্বালানি বিভাগ সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছে।
একই সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে একশ্রেণির মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে, যার মূল কারণ নৈতিক মূল্যবোধের অভাব। এই ধরনের অপপ্রচার রোধ করতে সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে। অতীতের মতো সমাজে নৈতিক শিক্ষার শক্তিশালী ভিত আবার ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক অগ্রগতির পাশাপাশি নৈতিক মূল্যবোধের ঘাটতি পূরণ করতে হবে এবং শিক্ষকদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যশোর জেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এ ছাড়া সভায় এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাবইন্সপেক্টর অলক কুমার দে, ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ খান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ