স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ ,ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন : স্পিকার
আপলোড সময় :
২৪-০৭-২০২৬ ০৭:৪০:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৬ ০৭:৪০:০৪ অপরাহ্ন
ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বিকেলে সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে স্পিকার এ কথা বলেন।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে চারটার দিকে তিনি রাষ্ট্রপতির স্বাক্ষর করা পদত্যাগপত্রটি নিয়ে জাতীয় সংসদ ভবনে আসেন এবং জাতীয় সংসদের স্পিকারের হাতে তা জমা দেন। এ সময় তিনি জানান, মূলত গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্পিকার সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন বলে জানান।
পদত্যাগপত্রে বলা হয়েছে, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে এবং সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক রোগ শনাক্ত হয়েছে। এই ব্যাধির কারণে তিনি মাঝেমধ্যেই ক্ষণিক অচেতন হয়ে পড়েন। রোগসমূহের প্রাদুর্ভাবজনিত শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না এবং তাঁর দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন। এ অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
এর আগে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকা ফিরেন হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে ৯০ দিনের মধ্যে সংসদে নির্বাচনের মাধ্যামে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটাই সংবিধানের নিয়ম।’
স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই করবেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন।
সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছি। যখন স্পিকার হিসেবে শপথ নিয়েছি তখনই সংবিধানের নিয়ম অনুযায়ী এই শপথ নিতে হয়। কোনো চেয়ারই শূন্য থাকে না। তাই এখন থেকে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। আমি এ পদত্যাগপত্র গ্রহণ করেছি।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, স্বাস্থ্যগত কারণে তিনি (মো. সাহাবুদ্দিন) পদত্যাগ করেছেন। সংবিধান অনুসারে, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যদি প্রয়োজন হয়। একইভাবে ডেপুটি স্পিকার যখন ডেপুটি স্পিকারের শপথ নেন, এতে বর্ণিত থাকে যখন স্পিকারের চেয়ার কোনো কারণে শূন্য থাকে, তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদে দায়িত্ব পালন করবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার। এ ছাড়া স্পিকারের দায়িত্ব পালন করে থাকেন ডেপুটি স্পিকার।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলটির মনোনীত ব্যক্তি নতুন রাষ্ট্রপতি হবেন বলা আশা করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার (ভারপ্রাপ্ত স্পিকার) ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার রাষ্ট্রপতি
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স