ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ফাইল ছবি
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার :   অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িক স্থগিত থাকলেও দেশের বাকি সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১৩ জুলাই) রাতে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো সম্ভব না হওয়ায় ওই বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ এবং বিরূপ আবহাওয়ার কারণে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ