ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করখাতে প্রবৃদ্ধি ও আর্থিক খাতে সংস্কার নিয়ে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৬:৩৯ অপরাহ্ন
করখাতে প্রবৃদ্ধি ও আর্থিক খাতে সংস্কার নিয়ে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আর্থিক খাতে সংস্কার, কর খাতে প্রবৃদ্ধিসহ সরকারের পদক্ষেপে সার্বিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত অন্যান্য বিষয়ের আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে আইএমএফ যে শর্ত দিচ্ছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে আর্থিক খাতে সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি সার্বিকভাবে সব কিছু নিয়ে আইএমএফ সন্তুষ্ট প্রকাশ করেছে।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, তা পরিষ্কার করা হয়েছে এবং প্রস্তাবিত ভিত্তিগুলোর ওপর তারা সম্পূর্ণ একমত পোষণ করেছেন। সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ধাপে ধাপে পরিবর্তনগুলো আনা হবে। রাতারাতি বা ওভারনাইট কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফ এ বিষয়ে সহমত প্রকাশ করেছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কোন সংস্কার কখন করা প্রয়োজন, সেই অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমান্বয়ে পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে। আইএমএফ এই সিকোয়েন্সিংয়ের নীতিতে সায় দিয়েছে। এ ছাড়া একটি রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতা এবং রেসপন্সিবিলিটিকে (দায়িত্ব) আইএমএফ বিশেষভাবে সম্মান জানিয়েছে। দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই অর্থনৈতিক সিদ্ধান্তগুলো গৃহীত হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের চার মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে ট্যাক্স আদায়কে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইতিবাচক ধারা বজায় রেখে ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের প্রস্তাবনাগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
ভর্তুকি প্রসঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, এখনই সুনির্দিষ্ট ডিটেইলস বা শর্ত নিয়ে আলোচনা হয়নি। মূলত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরি নিয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার টেবিলে সব বিষয়গুলো আসবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এই আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে। বর্তমান সরকারের সংস্কারমুখী পারফরম্যান্সে আইএমএফ সন্তুষ্ট এবং এই ভিত্তির ওপর দাঁড়িয়েই আগামী দিনের নতুন প্রোগ্রাম চূড়ান্ত করা হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ