সুন্দরগঞ্জে সালিশকারি নিহত: গ্রেপ্তার-৫
আপলোড সময় :
০৬-০৭-২০২৬ ০৮:৪৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৬ ০৮:৪৩:০০ অপরাহ্ন
নিহত আব্দুর রাজ্জাক
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবেশির দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে আব্দুর রাজ্জাক (৬৪) নামে এক সালিশকারি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ২ নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের এ ঘটনায় নিহত সালিশকারী আব্দুর রাজ্জাক স্থানীয় মৃত খায়রুজ্জামানের ছেলে।
আজ সোমবার (৬ জুলাই) বিকালে থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমান-উল্লাহ্
গ্রেপ্তারকৃত এজাহার নামীয় ২ নারীসহ ৫ জনকে আদালতে সোপর্দ্দ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মৃতদেহের সুরুতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চাচীয়া মীরগঞ্জ গ্রামের দেলদার হোসেনের ছেলে গোলজার হোসেন ও তার চাচাত ভাই আমজাদ হোসেনের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তা নিরসনকল্পে রবিবার (৫ জুলাই) বিকালে উভয়পক্ষের সম্মতিতে প্রতিবেশি সাজু মিয়ার বাড়ির উঠানে সালিশ অনুষ্ঠিত হয়। এতে ২ পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সালিশকারী আব্দুর রাজ্জাক পরিস্থিতি শান্ত করতে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়ব আলী জানান, এ ঘটনায় নিহতের ভাই আতোয়ার রহমান ৫ জনের নামে থানায় এজাহার করেন। এজাহার নামীয় আসামীরা হলেন- গোলজার হোসেন, তার স্ত্রী মঞ্জুয়ারা (৫৬), ছেলে লিটন মিয়া (২৮), রিপন মিয়া (২০) ও মেয়ে রত্মা বেগম (৩০)।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমান-উল্লাহ্ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ জনই এজাহার নামীয়
আসামী।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স