সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড
আপলোড সময় :
০৬-০৭-২০২৬ ০৬:৩৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৬ ০৬:৩৯:৪৪ অপরাহ্ন
মৃত্যুদণ্ড প্রাপ্ত- আশরাফুল,পাপ্পু,বিজু মিয়া,বাদশা,মনিরুজ্জামান,আছমত আলী ও জসিম উদ্দিন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: জামালপুরে এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দন্ড দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার আসামি নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
তিনি জানান, একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স