পুলিশের পোশাকে ফিরছে খাকি প্যান্ট, গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:২৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:২৮:৩৭ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:    বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ‘লোহা-ধূসর’ ও ‘কফি-বাদামি ধূসর’ রঙের পরিবর্তে এখন থেকে পুলিশের পোশাকে ব্যবহৃত হবে ‘ডিপ ব্লু’ (গাঢ় নীল), ‘লাইট অলিভ’ (হালকা জলপাই) এবং ঐতিহ্যবাহী ‘খাকি’ রঙ। এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপন গত ১৮ জুন সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‌্যাব ছাড়া জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্টের রঙ হবে গাঢ় নীল।
অন্যদিকে, দেশের সব মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই। সব ইউনিটের ট্রাউজার বা প্যান্টের ক্ষেত্রে বর্তমানে ব্যবহৃত ‘লোহা-ধূসর’ রঙের পরিবর্তে খাকি রঙ পুনর্বহাল করা হয়েছে।
বিধিমালায় শীতকালীন পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ পুলিশ সদস্যদের ফুল হাতা জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙ হবে গাঢ় নীল। মেট্রোপলিটন পুলিশের জ্যাকেটের রঙ হবে হালকা জলপাই। এ ছাড়া গ্রীষ্মকালে হাফ হাতা শার্ট এবং শীতকালে ফুল হাতা শার্ট পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন রঙের সংযোজন করা হয়েছে। তারা গাঢ় নীল রঙের শাড়ি পরতে পারবেন। জেলা ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল রঙের ব্লাউজ এবং মেট্রোপলিটন পুলিশে হালকা জলপাই ব্লাউজ পরিধান করতে হবে। নারী সদস্যদের অনুমোদিত হেড কাভার বা হিজাবের রঙও নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল।
এ ছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরা যারা হিজাব পরিধান করতে ইচ্ছুক, তারা সারা বছর ফুল হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমতি সাপেক্ষে সাধারণ পোশাক পরিধান করতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :