লেবাননে ইসরায়েলি হামলা প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান,সুইজারল্যান্ডেও যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:৫৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৯:০১:২৪ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :   লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি লেবাননে সাম্প্রতিক হামলাগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। খবর বার্তা সংস্থা এএফপির।
আজ শনিবার (২০ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর জানায়, “ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই প্রাথমিক পদক্ষেপটি ‘শত্রুর’ প্রতিশ্রুতি ভঙ্গের একটি জবাব। যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপগুলোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা হবে।”
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল গত দুই মাসের মধ্যে সবচেয়ে ব্যস্ততম পর্যায়ে পৌঁছে। গতকাল শুক্রবার (১৯ জুন) সামুদ্রিক ট্র্যাকিং সংস্থাগুলো এ তথ্য জানায়। 
ট্র্যাকিং ফার্ম 'এএক্সএসমেরিন'-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সদ্য উন্মুক্ত হওয়া এই প্রণালি দিয়ে মোট ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে সর্বোচ্চ। মার্চের শুরুর দিক থেকে দৈনিক গড়ে যেখানে মাত্র সাতটির কিছু বেশি জাহাজ চলাচল করছিল, সেই তুলনায় এই সংখ্যা ছিল তিন গুণেরও বেশি।
এই অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার লক্ষণ হিসেবে একজন প্রত্যক্ষদর্শী শুক্রবার বলেন, প্রণালির ঠিক দক্ষিণে সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান বন্দরের বাইরে খালি ট্রাকের লাইন প্রায় তিন কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে এবং সেখানে অন্তত চারটি কনটেইনার জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, কুয়াশাচ্ছন্ন দিগন্তে আরও বেশ কিছু জাহাজ দেখা যাচ্ছিল, যেগুলো দৃশ্যত জেটিতে নোঙর করা এবং মালামাল খালাসের জন্য নিজেদের পালার অপেক্ষায় ছিল।
চলতি সপ্তাহে যুদ্ধ অবসানের চুক্তির আওতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-পথটি পুনরায় খুলে দিতে সম্মত হওয়ার পরই জাহাজ চলাচলের এই জোয়ার আসে। তবে এই বৃদ্ধিটি ঘটেছিল শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার আগেই।
এএক্সএসমেরিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার পারাপার হওয়া জাহাজের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ কিছু জাহাজ শনাক্তকরণ এড়াতে তাদের এআইএস (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ করে রেখেছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

এ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় থাকা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানাতে সুইজারল্যান্ডে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই প্রতিনিধি দলটি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে তারা অপর পক্ষের (যুক্তরাষ্ট্র) প্রতিশ্রুতি পূরণের ওপর জোর দেবেন। একই সঙ্গে ওয়াশিংটন তাদের অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা করছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে।
ইরানি মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়, তবে ইরান বসে থাকবে না। সেক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় তেহরান প্রয়োজনীয় ও উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :