খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: লাভলুর জামিন বাতিল

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৬:৩২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৬:৩২:২৪ অপরাহ্ন
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:   সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন বাতিল করেছেন আদালত।
আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।  গতকাল রোববার লাভলুর জামিন দিয়েছিলেন একই আদালত।
আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাফুল আমিন বলেন, গতকাল এক হাজার টাকার মুচলেকায় আদালত আসামির (লাভলু) জামিন দেন আদালত। গতকাল আসামি পক্ষের আইনজীবীরা জামিননামা সময়মতো আদালতে জমা দিতে পারেননি। আজ সকালে আসামির পক্ষের আইনজীবী এই জামিননামা দাখিল করেন। আদালত আসামির এই জামিননামা প্রত্যাখ্যান করে জামিন বাতিলের নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :