এক স্রষ্টা, এক জাতি, এক নেতা,আমরা সবাই ইরানি এবং বিপ্লবী আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব : মাসুদ পেজেশকিয়ান

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১২:২৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১২:২৩:১৬ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:     ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল ‘জাতীয় ঐক্যের’ সুর। তারা স্পষ্ট বলছেন, ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে। 
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্পের মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন। তিনি লেখেন, ‘ইরানে কোনো ‘কট্টরপন্থী’ বা ‘মধ্যপন্থি’ নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব।
মাসুদ পেজেশকিয়ান আরও যোগ করেন, ‘এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ; প্রাণের চেয়েও প্রিয় ইরানের জন্য বিজয় নিশ্চিত।’
এর আগে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে চরম বিশৃঙ্খলার মধ্যে আছে। দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। ট্রাম্পের এই ‘বিভাজন ও শাসন’ নীতির জবাবে ইরানের কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা অভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশটির সব শাখা এখন সর্বোচ্চ নেতার অধীনে ঐক্যবদ্ধ।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, দেশটির নেতৃত্বের মধ্যে কোনো মতপার্থক্য নেই। তারা পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :