সংসদের শৃঙ্খলা রক্ষায় এমপিদের প্রতি কঠোর বার্তা স্পিকারের

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:৫০:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:৩৬:২০ পূর্বাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   জাতীয় সংসদের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় সংসদ সদস্যদের (এমপি) প্রতি কঠোরভাবে শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ কক্ষে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আচরণগত অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে একাধিক অনিয়ম লক্ষ্য করে স্পিকার এ বিষয়ে কঠোর ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা, তাই এর মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।
স্পিকার উল্লেখ করেন, অনেক সদস্য সংসদে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছেন না, যা প্রচলিত সংসদীয় রীতির পরিপন্থি। বিশ্বব্যাপী সংসদীয় সংস্কৃতিতে প্রবেশ ও প্রস্থানের সময় নির্দিষ্ট শিষ্টাচার মেনে চলার রীতি থাকলেও এখানে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অধিবেশন চলাকালে অনেক সদস্য চলাচলের নিয়ম ভঙ্গ করছেন। বিশেষ করে একজন বক্তা কথা বলার সময় তার সামনে দিয়ে যাতায়াত করা হচ্ছে, যা সংসদের শালীনতা ও শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের আচরণ সংসদের পরিবেশকে ব্যাহত করে বলেও তিনি সতর্ক করেন
মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও স্পিকার অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা বলা সম্পূর্ণ অনুচিত এবং অধিবেশন চলাকালে ফোন অবশ্যই নীরব (মিউট) রাখতে হবে। সংসদে এ ধরনের ব্যবহারের কোনো প্রচলিত রেওয়াজ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া সংসদ কক্ষে খাবার গ্রহণের ঘটনাকেও অনভিপ্রেত বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, সংসদে পানাহার করার কোনো বিধান নেই, তাই এ ধরনের কর্মকাণ্ড সংসদের ঐতিহ্যের সঙ্গে অসংগতিপূর্ণ।
স্পিকার আরও জানান, সম্প্রতি দর্শক গ্যালারিতে উপস্থিত অতিথিদের সঙ্গে কিছু সদস্যের হ্যান্ডশেক করার ঘটনাও শিষ্টাচারবহির্ভূত হিসেবে বিবেচিত হচ্ছে, যা সংসদের মর্যাদার পরিপন্থি।
নতুন সংসদ সদস্যদের উদ্দেশে তিনি সংসদীয় কার্যপ্রণালি বিধি ভালোভাবে অধ্যয়ন করার পরামর্শ দেন। এতে সংসদীয় কার্যক্রম সঠিকভাবে বোঝা যাবে এবং অনাকাঙ্ক্ষিত ভুল এড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের মর্যাদা রক্ষা করা সকল সদস্যের দায়িত্ব। শৃঙ্খলা ও শিষ্টাচার বজায় না থাকলে সংসদীয় কার্যক্রমের গাম্ভীর্য ক্ষুণ্ন হয়, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকেও প্রভাবিত করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :