হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৪:১২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৪:১২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে। ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। 
আজ বুধবার (২৮ অক্টোবর) ​বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এসব ভালো অভ্যাস নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে ওঠে।
​ঢাকা শহরের নাগরিক সেবা ও পানির সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ নদীর পানি শোধন করে সংগ্রহ করা হয়। মাটির নিচের পানির ওপর চাপ কমাতে এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সরকার আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করার নতুন প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন-ডি এর ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন-ডি গ্রহণের পাশাপাশি পুষ্টির দিকেও নজর দেওয়া উচিত। একইসঙ্গে সুস্থতার জন্য খেলাধুলার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72