মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৮:১২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৮:১২:২৩ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক :   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে দর্শকদের জন্য দারুণ এক সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্পূর্ণ বিনামূল্যে গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মিরপুর টেস্টের পাঁচ দিনই দর্শকরা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে কোনো ধরনের টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন।
তবে বিসিবির এই বিশেষ ফ্রি এন্ট্রি সুবিধা সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকার ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ থাকবে এবং সেখানে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন হবে।
উল্লেখ্য, দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। তারা বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম টেস্ট লড়াই।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72