পূজার ছুটিতে যানজটহীন ঢাকা, বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:২৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:২৫:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে এক ভিন্ন রূপ ধারণ করেছে রাজধানী ঢাকা। সড়ক অনেকটাই ফাঁকা এবং যানজট মুক্ত।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর প্রধান প্রধান সড়ক ও কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে দেখা গেছে শহরজুড়ে ব্যস্ততা, যানজট আর হর্নের বিকট শব্দ নেই বরং কোলাহলমুক্ত, শান্ত ও প্রায় নির্জন। তবে বিনোদনকেন্দ্রগুলোর চিত্র ছিল ভিন্ন। সকাল থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল। বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিবছর প্রধান প্রধান ধর্মীয় উৎসব বা ছুটির দিনগুলোতে নাড়ির টানে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়েন।
এ বছর দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি থাকায় দীর্ঘ অবকাশ পেয়ে নগরবাসীর একাংশ রাজধানী ছেড়েছেন গ্রামে বা দর্শনীয় স্থানে ঘুরে আসার উদ্দেশ্যে। এর ফলে চিরচেনা ব্যস্ত ঢাকা ফিরে পেয়েছে এক অন্যরকম রূপ।
সাধারণ দিনে মতিঝিল, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুরের যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, এখন সেসব সড়ক সম্পূর্ণ ফাঁকা।
গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। কিছু সিএনজি চলাচল করলেও সেগুলোতে যাত্রী সংখ্যা বেশ কম। তবে ফাঁকা সড়কে অটো রিকসাগুলো সুযোগে গতি বাড়িয়ে দিয়ে গন্তব্যে ছুটছেন।
মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে যেখানে সাধারণ সময়ে দেড় থেকে দুই ঘণ্টা লেগে যায়, বর্তমানে মাত্র ২০ থেকে ২৫ মিনিটেই সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব হচ্ছে।
আব্দুল্লাহপুর থেকে মিরপুর শেওড়াপাড়ায় ৩৫ মিনিটে এসে পৌঁছেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শেখ কামাল হোসেন। তিনি বলেন, কর্ম দিবসে ১ থেকে দেড় ঘণ্টার কমে আসার সুযোগ থাকে না সেখানে মাত্র ৩৫ মিনিটে এসে পৌঁছালাম। পূজার ছুটির কারণে সড়কে চলাচলে স্বস্তি মিলছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে পূজার ছুটিতে সকালের দিকে মেট্রোরেল স্টেশন গুলোতেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। তবে দুপুরের পর আগারগাঁও ও বিজয় সরণি স্টেশনে বিনোদন প্রেমী দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বিমান বাহিনী জাদুঘর, ভাসানী নভোথিয়েটার এবং জিয়া উদ্যানে ঘুরতে এসেছেন হাজারো দর্শনার্থী। শুধু তাই নয় সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায়ও ভিড় ছিল লক্ষণীয়।
ঢাকা ফাঁকা হওয়ায় একদিকে যেমন কর্মজীবী মানুষ ও পথচারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সড়কগুলো নির্জন হলেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো উৎসবের আনন্দ আর দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিবারের মিলন মেলায় পরিণত হয়েছে।
ছুটির দিন শেষ হলেই আবারও তিলোত্তমা ঢাকা ফিরে পাবে তার ব্যস্ত ও কোলাহলপূর্ণ আসল রূপ। তবুও প্রতিবছর এ ধরনের ছুটিগুলো ঢাকাবাসীকে দেয় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :