স্বামী কর্তৃক নির্যাতন ও থানায় মামলা না নেয়ার প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৭:৩৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৭:৩৯:০৪ অপরাহ্ন
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকায় স্বামী কর্তৃক নির্যাতন, যৌতুকের দাবিতে প্রাণনাশের হুমকি এবং এঘটনায় থানায় মামলা না নেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন,নাজমুন নাহার নামে দুই সন্তানের এক জননী। রোববার (১৮ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মন্তের দাঙ্গা এলাকায় (বাবার বাড়ি সংলগ্ন)  নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এসময় তাঁর দুই সন্তান, মা ও ভাই উপস্থিত ছিলেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুন নাহার বলেন, তাঁর স্বামী আল-আমিন হোসেন একটি মানবাধিকার সংগঠনের জেলা সভাপতি হিসেবে পরিচয় দেন। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক বিরোধ, যৌতুকের দাবি ও অন্যান্য বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন নাজমুন নাহার।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলাদাভাবে বসবাস করছেন এবং সন্তানদের যথাযথ খোঁজখবর রাখছেন না। এসব বিষয়ে কথা বলতে গেলে তাঁকে অপদস্থ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে দাবি করেন তিনি। 
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন পর গত ১৬ অক্টোবর স্বামীর বাড়িতে গেলে তাঁর কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না পাড়ায় তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে তিনি জলঢাকা থানায় লিখিত এজাহার দাখিল করেন। তবে বারবার আশ্বাস দেওয়া হলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাহারটি মামলা হিসেবে রুজু  করেননি বলে অভিযোগ করেন তিনি। 
সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান নাজমুন নাহার। সেই সাথে তাঁর দুই নাবালক সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করারও জোর দাবী জানান তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :