সুন্দরগঞ্জে মণ্ডপে মণ্ডপে নিপুণ তুলির শেষ ছোঁয়া, কড়া নিরাপত্তায় শারদীয়

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৮:৩৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৮:৩৫:১২ অপরাহ্ন
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মণ্ডপে মণ্ডপে নিপুণ তুলির শেষ ছোঁয়ায় দেবী প্রতিমা সেজেছে বর্ণিল সাজে। চলছে শেষ মুহূর্তের জাঁকজমকপূর্ণ প্রস্তুতি। প্যান্ডেল নির্মাণ ও নান্দনিক আলোকসজ্জার কাজে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও মৃৎশিল্পীরা। উৎসবের এই আবহ ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে আনন্দ ও উৎসবের আমেজ।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিটি পূজামণ্ডপে সম্প্রীতির পরিবেশ বজায় রাখাসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এবারে এ উপজেলায় ১৩৯ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
​ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু ও সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামী পৃথক বার্তায় আশাবাদ ব্যক্ত করে জানান, অতীতের যেকোনো বছরের তুলনায় এবার আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণ সম্প্রীতির পরিবেশে শারদীয় উৎসব উদযাপিত হবে। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই উৎসব শুরু হবে।
​ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে; যা বিগত বছরগুলোর তুলনায় পরিমাণে কিছুটা বেশি।
​ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।
​ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফ্ফাত জাহান তুলি জানান, মণ্ডপগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। শারদীয় উৎসব সুষ্ঠু, সুন্দর ও সম্প্রীতির পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও পূজামণ্ডপ ভিত্তিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :