জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৩৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৩৮:২৬ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপন বৈঠক করা হচ্ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল পর্যন্ত গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাসদ কার্যালয়ে ক্রাইম পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকেই পরে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। সেখানে আগে থেকেই শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে গোপন বৈঠক করছিলেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। 
খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয়টি চারপাশ থেকে ঘিরে রাখেন।
খবর পেয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে সন্দেহভাজনদের হাতকড়া পরিয়ে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়। 
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাসদের প্রধান কার্যালয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল এবং সেখানে অনেক বহিরাগত অবস্থান নিয়ে বৈঠক করছিলেন। এমন সুনির্দিষ্ট সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। ইতিমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
পলটন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, আটককৃতদের পলটন থানায় নিয়ে আসা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের মাত্রা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাসদ কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।


 
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :