ফারিয়ার সঙ্গে বাঁধন, একই ‘লজ্জা’য় দুই নায়িকা

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৮:২১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৮:২১:০৩ অপরাহ্ন
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  জন্মদিনে নতুন সিনেমার খবর পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একই সিনেমায় আছেন আজমেরী হক বাঁধনও। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।
 সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির প্রযোজনা নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।
সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বাঁধন ও নুসরাত ফারিয়া। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে দেশের বাইরে রয়েছেন বাঁধন। ইতালিতে অনুষ্ঠিত ভেনিস উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেই ‘লজ্জা’র শুটিংয়ে যোগ দেবেন তিনি।
‘লজ্জা’র পাশাপাশি বাঁধনের হাতে রয়েছে আরও একটি সিনেমা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’র শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ নিয়ে। সিনেমাটির শুটিং প্রায় শেষ। শুধু একটি গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72