জলঢাকায় রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় হামলা,এলাকাবাসীর মানববন্ধন
আপলোড সময় :
২৪-০৬-২০২৬ ০৮:১৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৬-২০২৬ ০৮:১৪:৩৬ অপরাহ্ন
এলাকাবাসীর মানববন্ধন
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা পৌরসভা কর্তৃক ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঠিকাদারি কাজে অনিয়মের প্রতিবাদ করায় সফিকুল ইসলাম সোহাগ (৩৪) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পৌরসভার ২নং ওয়ার্ড মাথাভাঙ্গা এলাকাবাসীর ব্যানারে বুধবার (২৪শে জুন) দুপুরে উপজেলা রাস্তার বাবুপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, আহত সোহাগের পিতা আব্দুস সোলেমান ড্রাইভার, ছোট ভাই সেলিম মিয়া প্রমুখ।
বক্তব্যে আব্দুস সোলেমান বলেন,৫ই আগষ্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে টেন্ডারবাজির হোতা ভায়া ঠিকাদার ময়নুল ইসলামের চলমান রাস্তা আরসিসি ঢালাই কাজে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় আমার ছেলে সফিকুল ইসলাম সোহাগের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় ভায়া ঠিকাদারের ক্যাডার বাহিনী গোপালঝাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বিএনপি নেতা গোলাম সারোয়ার ভুট্টু ও রউফুল আলম ট্রলি বাবুসহ অনেকে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ চলমান রাস্তার কাজের অনিয়ম তদন্ত পূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তিনি। এসময় হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কাছে রাস্তার কাজ বন্ধ রাখার আহবান জানান বক্তারা। তা নাহলে এ ঘটনার প্রতিবাদে জলঢাকায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন আব্দুস সোলেমান।
উল্লেখ, গত মঙ্গলবার (২৩শে জুন) দুপুরে উক্ত চলমান রাস্তার কাজে অনিয়ম হওয়ায় প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম সোহাগ। এ সময় ভায়া ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের সাথে সোহাগের বাকবিতন্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন প্রতিবাদকারী সোহাগকে এলোপাতাড়ি মারডাং করেন বলে অভিযোগ ওঠে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স