দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম
আপলোড সময় :
১৮-০৬-২০২৬ ০১:০৮:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৬-২০২৬ ০১:০৮:২০ অপরাহ্ন
ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনা: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট সোনা: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট সোনা: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা প্রতি ভরি,সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট অন্তর্ভুক্ত করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে।
এর আগে, গত ১৫ জুন সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্তে সেই দামের সঙ্গে আরও ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত হওয়ায় মূল্য বেড়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় পৌঁছেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এদিকে, দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বৃদ্ধি এবং ২২ বার দাম হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স