ইসলামী ব্যাংক নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন, দ্রুত সমাধানের উপায় খোঁজার বিষয়ে আশাবাদ ব্যক্ত
আপলোড সময় :
১০-০৬-২০২৬ ০৬:১৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৬-২০২৬ ০৬:১৪:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন, ব্যাংকটিকে ঘিরে চলমান অস্থিরতা পুরো ব্যাংকিং শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। দ্রুত ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি শান্ত করার আহবান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসরুর আরেফিন এসব কথা বলেন।
আমরা একটি স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা চাই, গভর্নরও একই অবস্থানে আছেন জানিয়ে মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকে যা চলছে, এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব ফেলা শুরু করেছে। আমরা চাই দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক।
মাসরুর আরেফিন বলেন, সভায় গভর্নর ব্যাংকারদের কাছে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। দ্রুত সমাধানের উপায় খোঁজার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। চলমান সংকট সমাধানে গভর্নর ব্যাংক এমডিদের আশ্বাস দিয়েছেন। গভর্নর বলেছেন বিষয়টি এখন রাজনৈতিক মাত্রা পেয়েছে। দেখা যাক কি করা যায়, কীভাবে দুপক্ষের মধ্যে সমঝোতা করা যায়।
মাসরুর আরেফিন বলেন, আমরা আশাবাদী যে একটা সমাধান হবে। গভর্নরকে আজকে যেরকম দৃঢ় দেখলাম, তাতে আমরা আশা করি, দ্রুত একটা সলিউশন পাওয়া যাবে।
ঋণ প্রবৃদ্ধি বাড়াতে প্রস্তাবিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন কর্মসূচি প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, বর্তমানে ব্যাংকিং খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে ঋণ প্রবৃদ্ধির নিম্নগতি। ক্রেডিট গ্রোথ এখন আমাদের অন্যতম প্রধান ইস্যু। গভর্নরও চান ক্রেডিট গ্রোথ বাড়ুক। সেই কারণেই এই প্যাকেজটি আসছে। ঋণ কর্মসূচির আওতায় কেন্দ্রীয় ব্যাংক তহবিলের একটি অংশ দেবে। বাকি অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হবে। তবে ব্যাংকগুলোর উদ্বৃত্ত অর্থের বড় অংশ বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা থাকায় অর্থ সংগ্রহের পদ্ধতি নিয়ে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাব দেওয়া হয়েছে।
এবিবি চেয়ারম্যান বলেন, আমরা গভর্নরকে জানিয়েছি কোন পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে অর্থ নেওয়া যেতে পারে। কারণ আমাদের অর্থের বড় অংশ ইতোমধ্যে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা আছে।
বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সিটি ব্যাংক অ্যাসোসিয়েশন অব
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স