স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
আপলোড সময় :
০৯-০৬-২০২৬ ১২:৪৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৬-২০২৬ ১২:৪৫:১৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: রাজধানীর রমনার মৌচাক এলাকায় মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দল এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাত আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল স্বেচ্ছাসেবক দলের রমনা থানার একটি ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। তিনি ঠিকাদারি করতেন বলে জানা গেছে। তার বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তার বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।
নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, আনারকলি মার্কেটের সামনে বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশকে মারধর করছিলেন কয়েকজন লোক। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশি বৈঠকে দিদারুল ইসলাম ও লুৎফুর নামে দুজনের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়।
বিল্লালের ভাগনে আকাশ ও মো. লাবলু মোল্লা অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, বাবু ও লুৎফুরের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স