বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে
আপলোড সময় :
০৮-০৬-২০২৬ ০৫:২০:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৬-২০২৬ ০৫:২০:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় তেলের দাম বেড়েছে, যার ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩১৯ দশমিক ০৯ ডলারে নেমে আসে। এর আগে গত শুক্রবার (৫ জুন) স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। আর আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিমালা কঠোর হতে পারে। স্বর্ণের ওপর সেটারই প্রভাব পড়ছে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ ফলনও স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৭ দশমিক ৮৬ ডলারে স্থির ছিল। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৭৬৭ দশমিক ৪২ ডলারে নেমে আসে। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে ১ হাজার ২২৫ দশমিক ৬৭ ডলারে স্থির ছিল।
এদিকে দেশের বাজারে আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স