আদ্-দ্বীন হাসপাতালকে আরও ২ দিন সময় দেওয়া হয়েছে
আপলোড সময় :
০৮-০৬-২০২৬ ০১:১০:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৬-২০২৬ ০১:১০:৫৭ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরও দুই দিন সময় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতালের জবাব পাওয়ার পর আইনানুগ ব্যত্যয় ও অভিযোগ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা ব্যাখ্যা জমা দেবে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আদ্-দ্বীন বৈধ না অবৈধ, সে বিষয়টি জেনেই মন্ত্রণালয় চিঠি দিয়েছে। সময় না দিলে তারা আদালতে আইনি সুবিধা নিতে পারত। তাই আরও দুই দিন সময় দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, তা তাদের নিজস্ব বিষয়। তবে ক্ষতিপূরণের বিষয়টি সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। সরকার আইনজীবীর মাধ্যমে প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করবে।
এদিকে ডেঙ্গু মৌসুম সামনে রেখে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) অনুদান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিরা এই স্যালাইন হস্তান্তর করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে কেন্দ্রীয় গুদামে এক লাখ স্যালাইন মজুত রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তবে ডেঙ্গুর প্রকোপ বাড়লে অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে।বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারে এ খাতের পরিধি আরও বাড়বে।
সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। ভেন্টিলেটর, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, ভ্যাকসিন এমনকি সিরিঞ্জেরও ঘাটতি ছিল। বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করেছে।
হামের পরিস্থিতি নিয়ে তিনি জানান, চলমান টিকাদান কার্যক্রমের ফলে আগামী ২০ জুনের মধ্যে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হওয়ার আশা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স