দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
আপলোড সময় :
২৭-০৪-২০২৬ ০৬:২১:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৪-২০২৬ ০৬:২১:০০ অপরাহ্ন
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনি প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের (চট্টগ্রাম-১৬) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার এবং নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনা করে তফসিল ঘোষণা করতে হয়। নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক-প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন হয়।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০২৪ সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ ঢাকা বিভাগের পাঁচটি জেলা- ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর নিয়ে গঠিত হবে।
প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই বিভাগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স