ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাগচির ইসলামাবাদ সফরে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০১:৪৭:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০১:৪৭:৪১ পূর্বাহ্ন
আরাগচির ইসলামাবাদ সফরে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পুনরায় পাকিস্তান সফর নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরাগচির এই ইসলামাবাদ সফরের সঙ্গে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই। 
মূলত চলমান যুদ্ধ বন্ধের একটি কার্যকর রূপরেখা নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবেই তিনি আবার পাকিস্তানে ফিরেছেন।
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরাগচির আলোচনা ইতিবাচক মোড় নেয়। সেই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেই তার এই দ্বিতীয় দফা সফর। 
তাসনিম নিউজ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান আলোচনাগুলো কেবল আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির ওপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং এখানে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করাসহ যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে একটি প্রস্তাব দিয়েছে। আরাগচি ওমান সফরের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প তার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে দিয়েছিলেন। 
তবে ইরানের সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এই দাবি বা পরমাণু সংশ্লিষ্ট আলোচনার বিষয়টি সরাসরি অস্বীকার করে বর্তমান সফরটিকে সম্পূর্ণ রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ হিসেবেই তুলে ধরছে। আরাগচির এই কূটনৈতিক দৌড়ঝাঁপ আঞ্চলিক রাজনীতিতে এখন বড় ধরনের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ