এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত,নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল
আপলোড সময় :
২২-০৪-২০২৬ ০৮:১৭:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৬ ০৮:১৭:২১ অপরাহ্ন
এনসিপি নেত্রী মনিরা শারমিন,নুসরাত তাবাসসুম
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে ১১ দলীয় জোটের অন্য ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নি কর্মকর্তা মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত দেন।
তিনি গণমাধ্যমকে জানান, মনিরা শারমিন মনোনয়নপত্রের রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য— কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, এর কোনো তথ্য দেননি। তাই তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ পান। নিয়োগের পর তিনি ১১ নভেম্বর প্রথমে ব্যাংকের কুষ্টিয়া শাখায় যোগ দেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়াম লীগ সরকারের পতনের পর বদলি হয়ে রাজধানীর কারওয়ান বাজার করপোরেট কার্যালয়ে আসেন। সেখানে কর্মরত থাকা অবস্থায়ই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে পড়েন।
সর্বশেষ গত বছর ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন মনিরা শারমিন। তার ফেসবুক প্রোফাইলে ১১ নভেম্বর ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কৃষি ব্যাংকের অফিসার হিসেবে চাকরি করার তথ্য আছে।
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।
এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা ঝুলে গেছে আইনি জটিলতায়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অযোগ্যতা সংক্রান্ত ধারা অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
আরপিওর ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেয়ার তিন বছর পার না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়েছিলেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। অর্থাৎ তার চাকরি ছাড়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১-দলীয় জোটের ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকায় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স