ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বিশেষ নির্দেশনা

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৭:৪৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৭:৪৯:৩৯ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বিশেষ নির্দেশনা ফাইল ছবি

শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার:  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। 

আজ বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়। একই সাথে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ড থেকে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং এরপর সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস নিশ্চিত করতে হবে।
পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীরা শুধু প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার হলে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে, তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর নেওয়া যাবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীর মোবাইল ফোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ব্যবহার করতে পারবেন।
পরীক্ষার সময় ও নম্বর বণ্টনের ক্ষেত্রে বোর্ড জানিয়েছে, ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারিত থাকবে। ব্যবহারিক যুক্ত বিষয়ের ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট হবে। সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। এরপর সকাল ১০টায় এমসিকিউ এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। একইভাবে দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে ১টা ৩০ মিনিটে উত্তরপত্র বিতরণ করা হবে এবং ২টা ৩০ মিনিটে এমসিকিউ শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।
এদিকে, আগামী ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ