হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
আপলোড সময় :
২২-০৪-২০২৬ ০৭:২০:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৬ ০৭:২০:০০ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দুটি জাহাজ জব্দ করে দেশটির উপকূলে নিয়ে গেছে।
আইআরজিসি আজ বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বলে, আমরা আগেই জানিয়েছিলাম, ইরানের উপকূলে একটি জাহাজে গুলি চালানো হয়েছে এবং ওমান উপকূলে আক্রমণের শিকার হয়ে অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তায় আইআরজিসি আরও বলে, হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন বা চরম সীমা হিসেবে বিবেচিত।
আজ বুধবার ওমানের মাস্কাট থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হামলায় জাহাজটির ‘ব্রিজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটি জানায়, আইআরজিসির একটি গানবোট কন্টেইনার জাহাজটির নিকটবর্তী হয়ে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। জাহাজটির মাস্টার জানিয়েছেন, হামলার ফলে ব্রিজের ব্যাপক ক্ষতি হলেও জাহাজে কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত বিপর্যয়ের ঘটনা ঘটেনি। জাহাজের সব ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলেও নিশ্চিত করে সংস্থাটি।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সি এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, ইরানি সামরিক বাহিনী একটি জাহাজের ওপর ‘সমুদ্র আইন’ কার্যকর করেছে। তেহরানের দাবি, তাদের নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল জাহাজটি।
এর আগে ইরানের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার জন্য আরও সময় দেওয়ার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে যুদ্ধবিরতি বাড়লেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বলবৎ থাকবে বলে স্পষ্ট করেছেন ট্রাম্প।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স