ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ৪৯০
আপলোড সময় :
৩০-১০-২০২৬ ১২:২৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৬ ১২:২৮:২৮ অপরাহ্ন
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় সাড়ে ২৬ লাখ টাকা, স্বর্ণালংকার, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ২৫ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি ডিবির অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯ জন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদকের পাশাপাশি ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা নগদ অর্থ, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ১টি চাপাতি, ১টি কাটার, ৩টি মোটরসাইকেল এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে এক ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ডিএমপির এই সাঁড়াশি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স