ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষায় গুরুত্ব রাষ্ট্রপতির

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:১৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:১৫:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষায় গুরুত্ব রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি ও একাধিক ভাষা শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিয়ে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
আজ সকালে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। 
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রতিনিধিদল জানায়, বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২ (এসডিজি-২: ক্ষুধামুক্তি বা ‘জিরো হাঙ্গার’) অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভ করেছে। এ সাফল্যের কথা শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন।
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ