আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে : শফিকুর রহমান
আপলোড সময় :
২৫-১০-২০২৬ ০৪:৩৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৬ ০৪:৩৭:৩৩ অপরাহ্ন
শফিকুর রহমান
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি নতুন নতুন মনগড়া বয়ান তৈরি করছে। তারা বলছে, আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছি। অথচ বাস্তবতা হলো-আপনারা নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন।
আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াত আমির বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, হাতে-পায়ে ধরে ভোট নিয়ে এখন বেঈমানি করা হচ্ছে। তাদের দলের নেতারাও বলেছেন, ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে তারা ভোট দিয়ে জিতিয়েছেন। এমনকি নাটোরের সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছেন, অথচ নিজের দলকে ধন্যবাদ দিতে পারছেন না।
আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের সমাজের ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া হচ্ছে। অন্যদিকে সীমান্ত থেকে টাকা ও অস্ত্র আসার কথা বলে বিরোধীদের ওপর দোষ চাপানো হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সীমান্ত দিয়ে যদি টাকা, অস্ত্র ও মাদক ঢোকে, তাহলে সরকার তা ঠেকাতে পারছে না কেন? যে সরকার সীমান্ত সুরক্ষিত রাখতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
দ্রব্যমূল্য ও লাগামহীন চাঁদাবাজি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, চাঁদাবাজদের কারণে এক টাকার জিনিস জনগণকে তিন টাকায় কিনতে হচ্ছে। পঞ্চগড়ে দাম না পেয়ে কৃষক চারটি লাউ এক টাকায় বিক্রি করছে কিংবা ফেলে দিচ্ছে, আর ঢাকায় সাধারণ মানুষকে একটি লাউ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। চাঁদাবাজির এই নির্মম বোঝা সাধারণ মানুষের ওপর করের মতো চেপে বসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব অন্য সব মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না।
রাড্ডা মেডিকেল সেন্টারে লুটপাটের ঘটনা টেনে ডা. শফিকুর রহমান বলেন, দশকের পর দশক ধরে সেবা দেওয়া প্রতিষ্ঠানটিতে রাতের আঁধারে হামলা ও লুটপাট করা হলো। অপরাধের দায়ে কেবল দলীয় এমপিকে পদত্যাগ করিয়ে দায় এড়ানো হয়েছে। কেন তাকে আইনের আওতায় আনা হলো না? প্রশাসন কি শুধুই ‘হোয়াইটওয়াশ’ করতে চায়?
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স