চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে : আইজিপি
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ০৭:২২:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ০৭:২২:১০ অপরাহ্ন
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: চাঁদাবাজি বন্ধে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সেই আইনে পুলিশের সুয়োমোটো (স্বতঃপ্রণোদিতভাবে) মামলা নেবার ক্ষমতা থাকবে।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মহানগর পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান আইজিপি।
পুলিশ মহাপরিদর্শক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ।
আলী হোসেন ফকির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এ ছাড়া পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশিং।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স