ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে: পানিসম্পদমন্ত্রী

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৭:২৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৭:২৫:৪০ অপরাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে: পানিসম্পদমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অতনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। স্থানীয় তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে। যা নির্বাচনের আগে তার বাবার কথা অনুযায়ী, তার মায়ের প্ল্যান অনুযায়ী আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই প্ল্যানগুলো নিয়েই আজকে আমরা মাঠে নেমেছি। সেভাবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের এই অগ্রযাত্রা এবং নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। 
পানিসম্পদ মন্ত্রী বলেন,  গত ১৭ বছর আমরা বঞ্চিত ছিলাম, উপেক্ষিত ছিলাম। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন আমাদের গ্রাস করে রেখেছিল। তারেক রহমানের চিন্তা-চেতনা, তীক্ষ্ম দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে আজকে এমন সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি, যেখানে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। বাংলাদেশটাকে আমাদের ধরে রাখতে হবে। এর জন্য বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
মন্ত্রী আরও বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নিপীড়িত হয়েছেন, সবশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন। তারেক রহমান নির্বাসিত ছিলেন। বাংলাদেশে বসে কাজ করতে পারেননি। বিদেশে বসে জুম মিটিং করে আমাদের পরিকল্পনা দিয়েছেন, আমরা মাঠে কাজ করেছি। আবার জেলেও বন্দি হয়েছি, অত্যাচারিত-নির্যাতিত হয়েছি। আবার মাঠে কাজ করে বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে স্বাভাবিক পরিবেশ পেয়েছি আপনাদের মাধ্যমে। সেই আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনার ছিলেন। 
এ্যানি চৌধুরী আরও বলেন, আজকে যারা বিরোধী দল, আন্দোলন সংগ্রাম তারাও করেছে। করেননি, আমরা বলি না। কিন্তু ২৮ অক্টোবর তো খুঁজে পাইনি। লক্ষ্মীপুরে এত পদযাত্রা করলাম, মিছিল-মিটিং করলাম, কোথায় ছিল আমার বিরোধী দল? ছিল—ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকই ছিল। কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু ছিল, গুপ্ত অবস্থায় ছিল এবং কার সঙ্গে কার আঁতাত ছিল? ১৯৮৬ সালে সেটার প্রমাণ ছিল না? ১৯৯৬ সালে সেটার প্রমাণ ছিল না? ১৭২ দিন ১৭৩ দিন হরতাল করেছে, অবরোধ করেছে, তাদের সঙ্গী ছিলেন না? আমাদের সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, আজকে লংমার্চ করেন, আজকে রোডমার্চ করেন। আজকে এক দফার আন্দোলন করার জন্য সচিবালয়ের সামনে চলে যান। সংসদের সামনে চলে যান। হুংকার দেন, আমাদের হুংকার দিবেন না, আমরা মাঠ থেকে উঠে এসেছি। আমরা রাজপথ থেকে উঠে এসেছি। 
লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি  শামস জেরিন জর্জির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিব, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন প্রমুখ।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ