পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
আপলোড সময় :
২৩-১০-২০২৬ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৬ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: কক্সবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। দুর্ঘটনার সময় তারা পিকআপ ভ্যানে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি খুব দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স