বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আপলোড সময় :
২১-১০-২০২৬ ০৮:১৮:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৬ ০৮:১৮:২১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাটে সফর করবেন।
এ সময় তিনি সুন্দরবন, মোংলা বন্দরের সম্প্রসারণ কার্যক্রম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তারেক রহমান বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল ১০টার দিকে তিনি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন।
সেখান থেকে সড়কপথে একটি লঞ্চ টার্মিনালে যাবেন প্রধানমন্ত্রী। পরে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলা জেটিতে যাবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি ওয়ার্ডরুমে যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে একটি সভায় যোগ দেবেন।
বিকেলে ৩টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনেরও কথা রয়েছে তার।
বিকেল ৪টায় হেলিকপ্টারে মোংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিকেল ৫টায় তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা সঙ্গে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স