ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিলীপ আগরওয়ালার ফের ৪ দিনের রিমান্ড

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৪:৫৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৪:৫৬:২২ অপরাহ্ন
দিলীপ আগরওয়ালার ফের ৪ দিনের রিমান্ড ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল জব্বার হত্যাচেষ্টা মামলায় তাকে এই রিমান্ড দেয়া হয়েছে। পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার রহস্য উদ্ঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলনে আসামিদের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় গুলিতে মামলার বাদী মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরের অংশে গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) স্বর্ণ ও হীরা কেনার উৎস এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় করা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা তিন দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেয়া হয়। তারও আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করেছিল র‍্যাব। এরপর বিভিন্ন হত্যা ও মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর গেল বছরের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ