আজ বিজয়া দশমী
আপলোড সময় :
২১-১০-২০২৬ ১১:০৯:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৬ ১১:০৯:৩০ পূর্বাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, ধর্ম ডেস্ক: শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।
আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে যাবে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি তাপস কুমার পাল।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। আনন্দ উৎসবের পর আজ বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা এক ভিন্ন সাজে সজ্জিত হয়। মণ্ডপ প্রাঙ্গণে তৈরি করা হয় বর্ণিল তোরণ। বিভিন্ন পূজামণ্ডপে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।
বিজয়া দশমীতে থাকে সরকারি ছুটি। এ বছর সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিনদিন পর্যন্ত বর্ধিত করে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স