আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
আপলোড সময় :
১৯-১০-২০২৬ ১১:৫৫:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৬ ১১:৫৫:২৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, ধর্ম ডেস্ক: সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপন করেন। পঞ্জিকা অনুযায়ী-এ বছর শনি ও রোববার দুদিন ‘মহাসপ্তমী’ তিথি হওয়ায় দুদিনই সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে ভক্তদের দিনভর ভিড় ছিল। আজ দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
কুমারী পূজায় একটি কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা হিসেবে কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন কুমারীকে দেবী দুর্গার বিভিন্ন নামের কোনো এক নামে অভিহিত করা হয়। পূজার পর উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।
এদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। পরে দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ।
সোমবার সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাষ্টমীর পূজা শুরু হবে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। তাই ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কুমারীকে দেবীজ্ঞানে পূজা করার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে।
এর আগে রোববার (১৮ অক্টোবর) মহাসপ্তমীতে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে প্রতিমা দর্শন, প্রার্থনা ও ছবি তোলার পাশাপাশি ঢাকের তালে নাচে মেতে ওঠেন অনেকে। সব মিলিয়ে মণ্ডপে মণ্ডপে ছিল উৎসবের আমেজ।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স