হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩১৯
আপলোড সময় :
১৮-১০-২০২৬ ০৫:০৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৬ ০৫:০৯:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ : দেশে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৯ শিশু।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৯২ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৯৬ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৫৪। এই সময়ে ১ হাজার ৩২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স