ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৫:২৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:২৫:১৭ অপরাহ্ন
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:  অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এর ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠান জুলাই থেকে সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল করেনি।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান এখনো রিটার্ন জমা দেয়নি, তাদের জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে নতুন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা আরোপ করা হবে না।
আদেশে আরও বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন কর মেয়াদের রিটার্ন অবশ্যই সিস্টেমে দাখিল করতে হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ