দিল্লিতে ভবন ধস,ধ্বংসস্তূপের নিচে বহু লোকের আটকে থাকার আশঙ্কা
আপলোড সময় :
০৭-১০-২০২৬ ০৭:৫০:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৬ ০৭:৫০:২১ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় আজ বুধবার বিকেলে একটি পাঁচতলা ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস এই দুর্ঘটনার খবর পায় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে একাধিক গাড়ি পাঠায়।
ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের আশঙ্কা, বেশ কিছু মানুষ এখনো ভেতরে আটকে আছেন। এই ঘটনার ঠিক এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, ধসে পড়া কংক্রিটের বড় বড় স্ল্যাব ও পাথরের স্তূপের মাঝে দাঁড়িয়ে অনেকে খালি হাতেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় রাজীব গান্ধী ও জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী অন্যান্য যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সাধারণ মানুষকে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা ও তৎসংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশ জনসাধারণকে ঘটনাস্থলে ভিড় না করতে এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স