যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ০৭:১১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ০৭:১১:৩৮ অপরাহ্ন
সব বি-১ বোমারু বিমান
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারবোর্ড’ থেকে নিজেদের সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। সম্প্রতি ঘাঁটির পাশে থেকে সন্দেহজনক পাঁচজনকে গ্রেপ্তারের পর এমন পদক্ষেপের বিষয়টি সামনে এলো।
রোববার পেন্টাগনের এক কর্মকর্তার দেওয়া বিবৃতিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখান থেকে প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে রোববার আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলো উড্ডয়ন করতে দেখা গেছে।
গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে প্রথমে তিনটি সন্দেহজনক গাড়ির উপস্থিতি দেখা যায়। এরপর সেখান থেকে সন্ত্রাসবাদের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে সবাই জামিন পেয়েছেন। এ নিয়ে তদন্ত করছে পুলিশের সন্ত্রাসবাদ দমন ইউনিট।
এ ঘটনার পর প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দাবি করেন, বিষয়টির সঙ্গে ইরানের হাত থাকার জোরালো ইঙ্গিত আছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে, তেহরান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটিশ সরকারের সূত্রগুলো জানিয়েছে, বোমারু বিমান সরানো নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি রাজনৈতিক নয়, বরং সামরিক। আভিযানিক পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাজ্যকে জানানো হয়। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স