জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম
আপলোড সময় :
২৬-০৯-২০২৬ ০৫:১৪:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৬ ০৫:১৪:২১ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এই আদেশ দুটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তাঁর মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জাবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক কামরুল আহসান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।
এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত অধ্যাপক নূরুল ইসলাম উপাচার্য পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স