ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪
আপলোড সময় :
২৬-০৯-২০২৬ ০৪:৫২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৬ ০৪:৫২:১৬ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা পুলিশ মোট চারজনকে আটক করেছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মিছিলটি বের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়। এরপর মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল এলাকা হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ককটেল বিস্ফোরণের পরপরই মিছিলকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনা নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করেছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের আশপাশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মিছিলের একটি ব্যানারও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে মোহাম্মদপুর এলাকায় ঢোকার সময় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স